নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৯ জুলাই, ২০২৬
নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহতের ঘটনায় মূল অভিযুক্ত ট্রাকচালক খোকন সাকিদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার (১৯ জুলাই) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে (প্রেস বিজ্ঞপ্তি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত খোকন সাকিদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানি রায় নামের এক নারী তার সন্তানদের নিয়ে একটি যাত্রীবাহী ‘মিথিলা ভ্যান’ যোগে নীলফামারীর ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে ‘বগুড়া ট-১১-২৪৭২’ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি দ্রুতগতির ঘাতক ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন এবং ভ্যানচালকসহ মোট চারজন নিহত হন। এছাড়া আরও দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর নিহত প্রতিমা রানির স্বামী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলাটির সূত্র ধরে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।