নীলফামারীতে জাল ভিসা চক্রের দুই ভাই গ্রেপ্তার, নেপথ্যে বাড়িতে বসেই প্রতারণা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৯ জুলাই, ২০২৬
বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে দুই আপন ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—জলিল মিয়া (৩৯): কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি এলাকার শাহাবুদ্দিনের বড় ছেলে। সালমান মিয়া (২৮): শাহাবুদ্দিনের ছোট ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই ভাই দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে বসেই সাধারণ মানুষকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন এবং প্রতারণা করে আসছিলেন। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আজ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই ভাই জাল ভিসা প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।