দেবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম
রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৫ জুলাই, ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সোনাহার ও দণ্ডপাল ইউনিয়নে এই পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—সোনাহার ইউনিয়নের মালচণ্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার বাসিন্দা কৃষক আকাব্বর খান (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল আনুমানিক ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় আচমকা বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, প্রায় একই সময়ে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় নিজের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন কৃষক আকাব্বর খান। বজ্রাঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।