দিঘিতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, হাতের চিরকুটে ‘দায়ীদের’ নাম
আরমান হুসেন রাজু
রংপুর বিভাগীয় প্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৫ জুলাই, ২০২৬
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধারের সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে দিঘির পানিতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহারাজার দিঘির পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পঞ্চগড় সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তোলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চিরকুটে ওই ব্যক্তির মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করা হয়েছে। এছাড়া চিরকুটের লেখায় পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের ‘মালাদাম বাজার’-এর কথাও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে বিকেল পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, “নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে, যা আমরা জব্দ করেছি। চিরকুটে উল্লেখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকা ও মালাদাম বাজারে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।