ঠাকুরগাঁওয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাত: বাবা-ছেলের করুণ মৃত্যু, চিকিৎসাধীন ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৫ জুলাই, ২০২৬
ঠাকুরগাঁওয়ে ফসলি মাঠে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে বাবা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই এলাকার আরও দুই যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—মোহাব্বতপুর গণেশপুর গ্রামের আনোয়ার প্রভু ওরফে নারায়ণ (৫৫) এবং তার ছেলে নিমাই (২৩)। এ ঘটনায় আহত অন্য দুজন হলেন—একই এলাকার বাসিন্দা কবি (২৫) ও ভবানন্দ (২৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি জমিতে বাবা ও ছেলে একসঙ্গে পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ছেলে নিমাইয়ের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় বাবা নারায়ণসহ অপর দুই যুবককে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নারায়ণও মারা যান। আহত অপর দুই যুবককে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের ঘটনায় মাঠেই ছেলের মৃত্যু হয় এবং তার বাবাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
একই সঙ্গে মাঠে কাজ করতে গিয়ে বাবা ও ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।