নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ।
নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার সময় নওগাঁ সদরের খলিশাকুড়ী গ্রামে সমতা এনজিওর প্রধান কার্যালয় এবং এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীনের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে নওগাঁ সদর থানা পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন।
এ বিষয়ে শাহিনের সাথে একটি প্রতিনিধি দল কথা বলতে গেলে শাহিনুর রহমান শাহিন পুলিশকে বলেন, সমতা এনজিওতে গ্রাহকের আমানত আছে প্রায় ১৮০ কোটি টাকা এবং নেসডো এনজিওতে প্রায় ৬০ কোটি টাকা। কিন্তু ২০২৫ সাল থেকে এনজিওটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর তারা তাদের আমানতের টাকা ও লভ্যাংশ দিতে পারছিনা। তবে এনজিও সচল করতে পারলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি টাকা পরিশোধ করবেন।
গ্রাহকদের অভিযোগ, এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীন ২০২৫ সাল থেকে আমানতকারীদের লভ্যাংশ প্রদান বন্ধ করে দেন এবং কিছুদিন আত্মগোপনে থাকেন। এ সময় টাকা ফেরতের দাবিতে একাধিক গ্রাহক তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি কিছুদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ঘোষণা দেন যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের বকেয়া লভ্যাংশের অর্ধেক পরিশোধ করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পেরে তিনি আবার ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময় চান। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো অর্থ পরিশোধ না করায় ক্ষুব্ধ গ্রাহকরা তাদের আমানতের সম্পূর্ণ টাকা ফেরতের দাবি জানান।
পরে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি আইনগতভাবে সমাধানের আশ্বাস দেন। পরে শাহিনুর রহমান শাহীকে থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কর্মসূচি শেষে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত তাদের আমানতের টাকা ফেরত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।