রংপুরে নিখোঁজের ২ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুরের তারাগঞ্জে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর পুকুরের পানি থেকে রাফি নামের ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাফি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু রাফি বাড়ির আঙিনা ও আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিবেশীরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘসময় খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। শিশুটিকে হারিয়ে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।