তারেক মঞ্চ-কুমিল্লা দক্ষিণ জেলা শাখা আংশিক আহবায়ক কমিটি অনুমোদন
মোঃ শাহজালাল সুমন: বিএনপির আদর্শে বিশ্বাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তারেক-মঞ্চের কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় তারেকমঞ্চ কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নাসির উদ্দিনকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে তারেকমঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুজ্জামান দীপ্ত বলেন, কেন্দ্রীয় কমিটি গঠনের পর ইতোমধ্যে বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ে কমিটি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা, থানা ও উপজেলা পর্যায়েও কমিটি গঠন করা হবে। তিনি বলেন, তারেকমঞ্চ একটি অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোয়ার হোসেন দুলাল বলেন, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে তারেকমঞ্চের কমিটি গঠন করা হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তিনি নতুন কমিটিগুলোতে ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কুমিল্লা দক্ষিণ জেলার নবগঠিত আহ্বায়ক, সদস্য সচিবসহ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মিষ্টিমুখের মধ্য দিয়ে তারেকমঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।