সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে গলাকাটা যুবক উদ্ধার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৩ আগস্ট, ২০২৬
নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপুর শহরের ইসলামবাগ চিনি মসজিদ সংলগ্ন রেলওয়ে কারখানার নিরাপত্তাপ্রাচীর ঘেঁষা রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আহত হৃদয় ইসলাম শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় হৃদয়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শ্বাসনালীর কাছে গলাকাটা এবং হাতের কব্জিতে গুরুতর জখমের চিহ্ন ছিল। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব জানান, “ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলা ও হাতের কব্জিতে গভীর জখম করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুরে পাঠানো হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “দুর্বৃত্তরা ওই যুবককে গলা ও হাতের কব্জি কেটে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”