ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা-আবদুল কাদের মির্জা
হাকিকুল ইসলাম খোকন,
বাপসনিউজঃ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা অতীতের ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, আমাদের আত্মশুদ্ধিতে গুরুত্ব দিতে হবে।
আত্মসমালোচনা যেকোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে মন্তব্য করেন নোয়াখালীর বসুরহাট সিটি করপোরেশনের সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা।খবর আইবিএননিউজ ।
তাঁর মতে, আত্মসমালোচনা আত্মশুদ্ধির পথ প্রশস্ত করে, যা কোনো রাজনৈতিক দলের সঠিক পথে চলার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক।
গত ২২ জুলাই ২০২৬,বুধবার বাংলাদেশসময় রাত ৯টা এবং নিউইয়র্কে সময় সকাল ১১টায় “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” সংগঠনের ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলের গুটিকয়েক নেতাকর্মীর ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের মতো একটি জনমুখী দল সম্পর্কে অনেকের কাছে ভুল বার্তা পৌঁছায়, যার সুযোগ নিয়ে দেশবিরোধী অপশক্তি আওয়ামী লীগকে জনগণের শত্রু প্রমাণের চেষ্টা করে।
আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে নেতৃত্বদানকারী একমাত্র দল হওয়ায় দেশবিরোধী অপশক্তি’র যেকোনো অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী দেশ-বিদেশের অর্ধশতাধিক সাংবাদিকদের অংশগ্রহণে ভার্চুয়াল এই অনুষ্ঠানে “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ”-এর আহ্বায়ক সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সদস্য কবি ও সাংবাদিক সচিব শফিক বাবু’র সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেশ ও বহিঃবিশ্বে অবস্থানকারী স্বনামধন্য সাংবাদিক, লেখক, কবি, সংস্কৃতিকর্মীসহ অনেকে।
এ সময় প্রখ্যাত নিউরোসার্জন ডা. অধ্যাপক শাহনেওয়াজ বারী তাঁর বক্তব্যে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ শেখ হাসিনার অবর্তমানে ভালো নেই। দেশের মানুষের জন্য এখন তাঁর ভীষণ প্রয়োজন।
এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জি এম তরিকুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার,আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাজ্য প্রবাসী এটিএন বাংলা’র সিনিয়র সাংবাদিক সেলিনা আকতার জোছনা, সিনিয়র সাংবাদিক খন্দকার তারেক রায়হান,সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সাজেদা পারভিন সাজু, ওয়ারেছুন্নবী খন্দকার ও আহমেদ রাসেল, যুক্তরাষ্ট্রের আরিজোনা প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম সম্পাদক ও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী সাংবাদিক আরিফুর রহমান আরিফ,চ্যনেল আই-এর সাংবাদিক এ ইসলাম,জহিরুল ইসলাম, আকতার হোসেন,, সাজ্জাদ হোসেন, এইচএম দুলাল, তুলনা আফরিন, জিল্লুর রাসেল, মার্জিয়া আকতার বৈশাখী প্রমুখসহ আরোও অনেকে ।