দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির
স্টাফ রিপোর্টার :
দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল কবির। এ উপলক্ষে গতকাল রাত আনুমানিক ৮টায় রাজধানীর পল্টন ইনার সার্কুলার ভিআইপি রোডে অবস্থিত তারিফ ওভারসিজ লিমিটেডের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক ফলাফল পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা আল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। এ সময় পত্রিকার ভবিষ্যৎ কার্যক্রম, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
যোগদানের পর অনুভূতি ব্যক্ত করে দৈনিক ফলাফল পত্রিকার নবনিযুক্ত উপদেষ্টা সম্পাদক এবং তারিফ ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল কবির বলেন, “দৈনিক ফলাফল দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় ৩০ বছর পূর্ণ করতে চলেছে। একটি সংবাদপত্রের জন্য এত দীর্ঘ সময় ধরে পাঠকের আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পত্রিকাটি দীর্ঘদিন ধরে সমাজ ও দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করে আসছে।”
তিনি আরও বলেন, “দৈনিক ফলাফলকে একটি শক্তিশালী ও পাঠকনন্দিত সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান যে শ্রম, মেধা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার ফলেই পত্রিকাটি আজ একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে। আমি বিশ্বাস করি, আগামী দিনেও পত্রিকাটি সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।”
আল কবির বলেন, “আমি দৈনিক ফলাফল পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত। পত্রিকার সম্পাদকীয় বিভাগ, প্রধান সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাব-এডিটর, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার, স্টাফ রিপোর্টারসহ অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত সব সাংবাদিক ও কর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক ফলাফল আরও এগিয়ে যাবে—এটাই আমার প্রত্যাশা।”
তিনি বলেন, “বর্তমান সময়ে সংবাদমাধ্যমের দায়িত্ব অনেক বেশি। পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া, সত্য অনুসন্ধান করা এবং সমাজের অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দৈনিক ফলাফল সেই দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আল কবিরের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতায় দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদকীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পত্রিকাটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পাঠকের কাছে পৌঁছাতে সক্ষম হবে।