চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর আগেই পুলিশ ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জুমার নামাজ শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নেন। এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে পালিয়ে যান। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।