লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, বিনামূল্যে চিকিৎসাসেবা।
লালমনিরহাট প্রতিনিধি:
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে জেলা কালেক্টরেট মাঠে শুরু হওয়া এ ইজতেমা চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।
ইজতেমাকে কেন্দ্র করে কালেক্টরেট মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে মাঠজুড়ে বিভিন্ন খুঁটি ও খিত্তা নির্ধারণ করে সুশৃঙ্খলভাবে অবস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রবেশপথ, চলাচলের রাস্তা, অজু ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।
ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। সেখানে আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করছেন মেহেদী হাসান জুয়েল।
তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে দেশ ও ইসলামের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানুষের নৈতিক ও আত্মিক উন্নতির লক্ষ্যে ধর্মীয় আলোচনা ও দিকনির্দেশনামূলক বয়ান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইজতেমাকে ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইজতেমা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন।
আগামী ২৯ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।