রংপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুরের মিঠাপুকুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান এজাহারনামীয় আসামি রিপন চন্দ্র বর্মনকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন চন্দ্র বর্মন উপজেলার কাঁঠালী মধ্যপাড়া এলাকার রাখাল চন্দ্র বর্মনের ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর ১১টার দিকে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়িতে চৌকিতে শুয়ে মোবাইল ফোনে গান শুনছিল। এ সময় তার বাবা পাশের ঘরে অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্ত রিপন গোপনে বাড়িতে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরীর আত্মচিৎকারে তার বাবা দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করে এসআরবি-১৩।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।