শাহরাস্তিতে রাতে ঘোরাফেরা, ১৭ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ
মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে অভিযান
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৭ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় বিরূপ তথ্য না পাওয়ায় সংশোধনের সুযোগ দিতে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবকেরা থানায় উপস্থিত হয়ে সন্তানদের ভবিষ্যতে পড়াশোনায় মনোযোগী রাখা এবং রাতে অযাচিতভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে থানা রেকর্ডপত্র ও অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে কিশোরদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
পুলিশ জানায়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে শাহরাস্তি থানা-পুলিশ।
কিশোরদের ভবিষ্যৎ ও ব্যক্তিগত গোপনীয়তা বিবেচনায় তাদের নাম, ছবি, পরিচয় কিংবা শনাক্ত করা যায়—এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।