পঞ্চগড়ে গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
১০ অক্টোবর ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার মো. রাসেল হক (২৬) ও ছলিয়াপাড়া এলাকার মো. বাবু হোসেন (২৭)। এ মামলায় আবেশ (২৫) নামের আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে রাসেল হক হোয়াটসঅ্যাপে ওই নারীকে কল ও বার্তা পাঠিয়ে তাঁর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করা হয়েছে বলে জানান। একই সঙ্গে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাসেল ওই নারীকে ফোন করে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হলে গোপনে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, বাবু হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোপন ভিডিও ধারণ করা হয়েছিল। পরে ভিডিওটি আবেশের কম্পিউটারে সংরক্ষণ করা হয়। তিনজনের যোগসাজশে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে মানসিক চাপে রাখা হচ্ছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ রাসেল হক ও বাবু হোসেনকে গ্রেপ্তার করে এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। পরে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়ার আগে আসামিদের অপরাধী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা যায় না।