শিরোনাম :বাস্তবতা
লেখীকা :দিলশাত জাহান দিশা
নীল আকাশের পানে বহুবার চেয়েছি,
তখনও আকাশ বলেনি—সে বাস্তবতার কথা।
বৃষ্টিভেজা মেঘলা শহরে খুঁজেছি কত সুখ,
তখনও বৃষ্টি বলেনি—সে সত্যের ভাষা।
নদীর বুকে সূর্যের আলোয় এঁকেছি অসংখ্য স্বপ্ন,
তখনও নদী জানায়নি—সবই ক্ষণিকের মায়া।
পৃথিবীর সব সুখই যেন চিরস্থায়ী—
এমন ভেবে বেঁচে ছিলাম একসময়।
তারপর হঠাৎ, জীবনের এক অচেনা মোড়ে
নিঃশব্দে এসে দাঁড়াল বাস্তবতা।
আজ আকাশের পানে তাকালে দেখি কেবল একাকিত্ব,
বৃষ্টির ফোঁটায় শুনি লুকানো কান্নার শব্দ,
নদীর জলে ভেসে আসে নিস্তব্ধতার দীর্ঘশ্বাস।
যে মন একদিন সবকিছু আপন করতে চেয়েছিল,
আজ সে মনই হারিয়ে যায় অচেনা এক নগরে—
নিজেকেই খুঁজতে খুঁজতে,
হয়তো হারিয়ে ফেলা সেই সুখের অজুহাতে…