লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৩টি গরু জব্দ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
29 July 2026
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ এবং ৩টি ভারতীয় গরু জব্দ করেছে।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ জুলাই দিবাগত রাত ৩টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় বালারহাট বিওপির টহলদল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারীকে ধাওয়া করলে সে সঙ্গে থাকা ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সিরাপগুলো জব্দ করা হয়।
একই দিন সকাল সাড়ে ৮টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী এলাকায় দিঘলটারী বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন চোরাকারবারী গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ৩টি গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে গরুগুলো জব্দ করা হয়।
১৫ বিজিবি জানায়, জব্দকৃত ৫০ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং ৩টি গরুর মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মাদককে না বলুন ট্রিপল ৯৯৯ ফোন দিন