দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১৫,৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ৩
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব সুমন রঞ্জন সরকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, ডিবি, দিনাজপুরের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই ২০২৬ খ্রি. রাত ১০:২৫ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের রহমতনগর এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ লাভলু হোসেন মানিক (৪০)-কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মোঃ ওমর ফারুক সরকার (৪৩) এবং মোঃ হাসান আলী (৫৮)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের দেখানো মতে কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতর থেকে ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির মোট ১৫,৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়, যার লেবেল মূল্য ৯,৯৬,২৪০/- (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশত চল্লিশ) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে অনুমোদনবিহীন ও সরকারি বৈধ লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক সিরাপ সংগ্রহ করে অধিক মুনাফার আশায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।