সুনামগঞ্জ-১ আসনের স্বাস্থ্য খাতের দুরবস্থা নিয়ে সংসদে সোচ্চার এমপি কামরুজ্জামান কামরুল: দ্রুত সংকট নিরসনের আহ্বান
মো. হৃদয় খান জয়
সুনামগঞ্জ প্রতিনিধি:
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬:
হাওরাঞ্চলের অবহেলিত ও দুর্গম জনপদ সুনামগঞ্জ-১ আসনের (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা এবং তীব্র জনবল সংকটের করুণ চিত্র মহান জাতীয় সংসদে তুলে ধরেছেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান কামরুল। সোমবার (১৬/১১/২০২৬) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশ এবং সম্পূরক প্রশ্নে তিনি হাওরবাসীর চিকিৎসাবঞ্চনার কথা জোরালোভাবে উপস্থাপন করেন।
বক্তব্যে তিনি অবিলম্বে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংসদের ফ্লোরে দাঁড়িয়ে আবেগঘন ও জোরালো বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তাঁর নির্বাচনী এলাকার চারটি উপজেলার স্বাস্থ্য খাতের বাস্তব অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ ও রাজস্বের জোগানদাতা এই হাওরাঞ্চলের প্রায় আট লক্ষাধিক মানুষ আজ ন্যূনতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।
তিনি সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে জানান, নবগঠিত মধ্যনগর উপজেলায় এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতাল নির্মিত হয়নি। ফলে এখানকার বাসিন্দাদের সামান্য চিকিৎসার জন্যও মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিতে হয়।
ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসক নেই বললেই চলে। জুনিয়র কনসালটেন্ট পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এছাড়া মেডিকেল অফিসারের যে কয়টি পদ রয়েছে, তার অধিকাংশই খালি; আর কেউ নিয়োগ পেলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে যোগদানের কিছুদিনের মধ্যেই বদলি নিয়ে অন্যত্র চলে যান।
চিকিৎসকের পাশাপাশি নার্স, মিডওয়াইফ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর তীব্র সংকটের কারণে হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে ভাঙাচোরা রাস্তায় মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের মোটরসাইকেল বা ঠেলাগাড়িতে করে হাসপাতালে আনতে হয়। পথেই অনেক রোগীর প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে।
সংসদে দেওয়া বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল তাঁর নির্বাচনী এলাকার মানুষের প্রতি গভীর দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জের সাধারণ মানুষ আমাকে তাঁদের মূল্যবান ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। এই অবহেলিত জনপদের মানুষের প্রতি আমার নৈতিক ও সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে। হাওরের মানুষ দিনের পর দিন বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরবে, একজন জনপ্রতিনিধি হিসেবে তা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।”
তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “হাওরের অবহেলিত মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং আমৃত্যু থাকব, ইনশাআল্লাহ।”
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নোটিশ ও সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত হাওরাঞ্চলের স্বাস্থ্যসেবার এই বাস্তবতার সঙ্গে সহমত প্রকাশ করেন এবং দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী সংসদকে জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, যার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বর্তমানে অনুমোদনের পর্যায়ে রয়েছে। এই প্রকল্প অনুমোদিত হলেই নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হবে।
দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে সরকার প্রায় ৮ হাজার চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নতুন চিকিৎসক ও নার্স নিয়োগের প্রস্তাব ইতিমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে এবং সুপারিশপ্রাপ্ত ৫৫৮ জন মিডওয়াইফের পুলিশ ভেরিফিকেশন চলমান রয়েছে।
দুর্গম হাওরাঞ্চলে চিকিৎসকদের ধরে রাখতে নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় তাঁদের জন্য মানসম্মত আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সুনামগঞ্জ-১ আসনসহ সারাদেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করেন।
এদিকে, জাতীয় সংসদে হাওরবাসীর প্রাণের দাবি ও স্বাস্থ্য খাতের দুরবস্থার চিত্র জোরালোভাবে তুলে ধরায় সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এমপি কামরুজ্জামান কামরুলকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন দাবি করেছেন।