লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বেপরোয়া গতির ডাম্প ট্রাকের চাপায় পিপলু মিয়া (৪৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৭) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিপলু মিয়া আদিতমারী উপজেলার কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। আহত আমিনুল ইসলামও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আমিনুল ইসলামের চালানো মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পিপলু মিয়া ও তিনি। পথে মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হন পিপলু মিয়া। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত আমিনুলকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।