আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
রংপুরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৪ জুন, ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আ/টক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম (৩৫) ধাপ উদয়পুর গ্রামের মোঃ জলিল মন্ডল ও মোছাঃ মৌলুদা বেগমের ছেলে। তিনি ওই এলাকার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, রংপুরের “খ” সার্কেল (মিঠাপুকুর)-এর উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে ডিএনসির একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শরিফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের জিপারযুক্ত প্লাস্টিক প্যাকেটে রক্ষিত ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই কমলা বর্ণের মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবার মোট ওজন প্রায় ০৪ (চার) গ্রাম।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক জনাব মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে ধৃত আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।