মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
তিনি ভারতের নাগরিক বলে পরিচয় দিচ্ছেন।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে কদুর বাজার এলাকায় পৌঁছান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পাটগ্রাম থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম ধনেশ্বর বর্মণ, বাবার নাম রমেশ্বর বর্মণ এবং মায়ের নাম শেকরী বালা বর্মণ বলে জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা। তবে তার কথাবার্তা অসংলগ্ন। ফলে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের ৪ ও ৫ নম্বর সাব-পিলারের কাছাকাছি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত এলাকা। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকা।
স্থানীয় বাসিন্দা ও ওই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি ফটক দিয়ে তাকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে পাঠান বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি হেঁটে সীমান্ত অতিক্রম করে কদুর বাজার এলাকায় পৌঁছান।
বাজার এলাকায় অপরিচিত ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণের কারণে স্থানীয় লোকজনও তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন।
এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম বলেন, পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। লোকটি অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে, তিনি ভারতীয় নাগরিক।
তিনি বলেন, ‘বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিএসএফ এখনো কোনো জবাব দেয়নি। আমরা আবারও বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত নিতে না চাইলে পুলিশ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছি। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত নিতে না চাইলে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের ধারায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।