বান্দরবানে এবারের বন্যায় সরকারের পাশা- পাশি এনজিওগুলোও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে: এমপি সাচিং প্রু জেরী
মোঃ আকাশ , বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে এবারের বন্যায় সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শনিবার (১৫ আগস্ট) সকালে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর বাস্তবায়নে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ‘আকস্মিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা কার্যক্রম’ প্রকল্পের আওতায় ঝিরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সাচিং প্রু জেরী বলেন, “বান্দরবান একটি পর্যটন জেলা। পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আরও দায়িত্বশীল হতে হবে।”
তিনি বলেন, সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগে বান্দরবানকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
পরে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান বাসস্টেশন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিরি থেকে সাংগু নদীর বিভিন্ন পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণাময় বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ,গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, বান্দরবান গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, গ্রাউস প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।