প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে
মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি
দেশে ও প্রবাসে প্রতারণা, হয়রানি ও নানা সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ। মানবিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ২০২৫ সালের জুন মাসে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি আরবপ্রবাসী কুমিল্লার বাসিন্দা মোঃ সেলিম রানা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত প্রায় ৩৪ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান, বিভিন্ন সমস্যায় পড়া মানুষকে প্রয়োজনীয় পরামর্শ এবং সৌদি আরবে বিপদে থাকা প্রবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করার মতো মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংগঠনটির মূল লক্ষ্য হলো দেশে ও প্রবাসে ভুক্তভোগীদের সমস্যার কথা শোনা, তাঁদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার পথ তৈরি করা। বিশেষ করে কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণ, প্রতারণা প্রতিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সেলিম রানার উদ্যোগে সংগঠনটি ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায়। দেশে-প্রবাসে মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনটির অন্যতম প্রত্যাশা।
মানবিকতা ও সহযোগিতার মাধ্যমে দেশে-প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ।