দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
আরমান হোসেন রাজু
রংপুরবিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১১ আগস্ট, ২০২৬
দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক সরকারি সিজারমূল্য ধরা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এই নিদর্শনের প্রকৃত মূল্য অপরিসীম। এ ঘটনায় প্রত্নসম্পদ অবৈধভাবে নিজ হেফাজতে রাখার অভিযোগে মোঃ পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আড়াইটার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের একটি যৌথ দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। আটক পারভেজ মন্ডল চাতরাপাড়া এলাকার মৃত লবানা মন্ডলের ছেলে।
বিজিবি সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে চাতরাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, এই অভিযানের মাধ্যমে দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বিদেশে পাচারের একটি বড় অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে মূর্তিটি প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী দেশের প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের মূল দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত। উদ্ধার করা বিষ্ণুমূর্তিসহ আটক পারভেজ মন্ডলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও প্রাচীন সম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক, মানবপাচার ও অবৈধ অস্ত্রসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।