গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের পুকুরে ডুবে মৃত্যু
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় শিশু দুটির পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল।
নিহত দুই শিশু হলো—ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস এবং তারা সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে উঠে শিশু দুটি একসঙ্গে খেলছিল। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে দ্রুত তাদের উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল মোবাইল ফোনে জানান, শিশু দুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি এবং পুরো এলাকায় শোকের মাতম চলছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, শিশু দুটির জন্ম হয়েছিল একই দিনে এবং কাকতালীয়ভাবে তাদের মৃত্যুও হলো একই দিনে।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল এই মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাঁতার না জানা ছোট শিশুদের সব সময় কড়া নজরদারিতে রাখার অনুরোধ জানান তিনি।