আনন্দঘন পরিবেশে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশালের ‘নিসর্গ দর্শন, শ্রাবণ ধারায়…’ উদযাপিত
বিশেষ প্রতিনিধি, আফজাল হোসেন ফরাজি।
৩১ জুলাই ২০২৬
শ্রাবণের রিমঝিম বর্ষায় প্রকৃতির ছোঁয়া পেতে এবং বর্ষার সজীবতাকে উপভোগ করতে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের উদ্যোগে উদযাপিত হলো নিয়মিত শ্রাবণ উৎসব ‘নিসর্গ দর্শন, শ্রাবণ ধারায়…’। শুক্রবার (৩১ জুলাই, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ) আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
নাগরিক কোলাহল ছেড়ে প্রকৃতির রূপালী উৎসবে শামিল হতে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সদস্যরা দিনব্যাপী এই ভ্রমণ কর্মসূচির আয়োজন করে। ভ্রমণ কর্মসূচির অংশে তাঁরা সড়ক ও নৌপথে কীর্তিপাশা জমিদার বাড়ি, আটঘর, কুড়িয়ানা এবং বিখ্যাত ভীমরুলী পেয়ারা বাগান পরিদর্শনে যান।
খাল ও নদীর বুক চিরে তরীতে ভেসে প্রকৃতির ছোঁয়া নেওয়ার অনন্য অভিজ্ঞতা অর্জন করেন অংশগ্রহণকারীরা। জল-সবুজের মেলা আর বর্ষায় প্রকৃতির সজীব রূপ প্রত্যক্ষ করে পাঠচক্রের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারী ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের বাহাউদ্দিন গোলাপ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও প্রকৃতির এই সৌন্দর্য উদ্যাপনের মধ্য দিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সদস্যদের বন্ধন আরও সুদৃঢ় হলো। অত্যন্ত প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষাবন্দনা সফলভাবে সমাপ্ত হয়।