ফুলছড়িতে শুষ্ক মৌসুমেও যমুনার ভাঙন: চরম আতঙ্কে শতাধিক পরিবার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
বর্ষাকাল নয়, বরং ভরা শুকনো মৌসুমেই গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কম থাকলেও তীব্র স্রোতের কারণে উপজেলার বিভিন্ন পয়েন্টে তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন নদীপারের কয়েকশ পরিবার। আকস্মিক এই ভাঙনে ঘরবাড়ি ও বসতভিটা হারানোর তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর মৌজার বানিয়াপাড়া এবং মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় সরেজমিনে ভাঙনের এমন চিত্র দেখা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত প্রায় ১০ দিন ধরে নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে গত ৭ নভেম্বর ভোরে মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় ভাঙনের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। মাত্র এক ঘণ্টার ব্যবধানে নদীতীর রক্ষায় ফেলা জিওব্যাগসহ প্রায় ২০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। একই ধারাবাহিকতায় কাটাদ্বারা থেকে দক্ষিণ দিকে বানিয়াপাড়ায়ও গত এক সপ্তাহ ধরে ভাঙন চলছে। এছাড়া পানি কমার সঙ্গে সঙ্গে হাজিরহাট থেকে কেতকিরহাট পর্যন্ত যমুনার বিভিন্ন পয়েন্টেও ভাঙন দেখা দিয়েছে।
নদীর এমন রূপ দেখে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কাটাদ্বারা খেয়াঘাটে ভাঙন শুরুর দিন কিছু জিওব্যাগ ফেলা হলেও পরবর্তী সময়ে কাজের তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
কাটাদ্বারা এলাকার স্থানীয় বাসিন্দা ও খেয়াঘাটের মনিহারি দোকানি জহুরুল হক বলেন, “একসময় খেয়াঘাটটি নদীর আরও ভেতরে ছিল। গত দুই বছরে ভাঙতে ভাঙতে এটি বর্তমান অবস্থানে এসেছে। গত ৭ নভেম্বর ভোরে হঠাৎ তীব্র আকার ধারণ করা ভাঙনে মাত্র এক ঘণ্টায় জিওব্যাগসহ প্রায় ২০ ফুট এলাকা নদীগর্ভে চলে যায়। সেদিন দ্রুত ভাঙন না থামলে আমার দোকানটিও রক্ষা করা যেত না।”
রতনপুরের বাসিন্দা আব্দুল আজাদ জানান, গত এক সপ্তাহ ধরে তাঁর বাড়ির ঠিক পাশেই ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা ঘুরে গেলেও কোনো কাজ করেননি। দ্রুত জিওব্যাগ না ফেললে তাঁর বসতভিটাও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নদীর মাত্র কয়েক ফুট দূরে ঝুপড়িঘরে বসবাসকারী শামসুর রহমান বলেন, “তীর রক্ষায় ফেলা জিওব্যাগগুলো ধসে পড়লেই আমার ঘরটি নদীতে চলে যাবে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “কয়েক দিন ধরে চলা ভাঙনে সবাই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে অচিরেই এলাকার কয়েকশ পরিবার আশ্রয়হীন হয়ে পড়তে পারে।” সচেতন মহলের শঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষা মৌসুমে এই ভাঙন আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম জানান, রতনপুরের কাটাদ্বারা ঘাট থেকে ঘুনভরি পর্যন্ত এলাকা সুরক্ষায় ২৩৪ কোটি টাকার বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত রয়েছে। ওই প্রকল্পের বাইরে নতুন করে অন্য কোনো কাজের সুযোগ নেই। তবে বর্তমানে প্রকল্পের মজুত কিছু বস্তা দিয়ে ভাঙনকবলিত এলাকায় সাধ্যমতো প্রতিরোধের চেষ্টা করা হবে।
তিনি আরও জানান, ভাঙনকবলিত এলাকায় ব্যবহারের জন্য কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় রয়েছে। গণনা শেষ হওয়ামাত্রই সেগুলো দ্রুত ভাঙনকবলিত পয়েন্টগুলোতে ফেলা হবে।