দিনাজপুরে ৩২ লাখ টাকার প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের প্রাচীন কষ্টিপাথরের তিনটি দুর্লভ প্রত্নবস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত নিদর্শনের মধ্যে রয়েছে একটি সারিবদ্ধ দেবদেবীর মূর্তি এবং দুটি মূর্তি ও প্রত্নবস্তুর খণ্ডাংশ। আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে এসব প্রত্নসম্পদ বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে জেলার বোচাগঞ্জ উপজেলায় একটি গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা প্রত্নবস্তুগুলোর মধ্যে রয়েছে—১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি। ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ। ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গামূর্তির একটি খণ্ডাংশ।
উদ্ধারকৃত এসব প্রত্নসম্পদের সরকারি সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। তবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের আর্থিক মূল্যায়ন অপরিসীম।
পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া এই নিদর্শনগুলোকে অত্যন্ত প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এ ধরনের প্রাচীন প্রত্নসম্পদ সংরক্ষণের আইনগত দায়িত্ব সরকারের পক্ষে একমাত্র প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের অমূল্য প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং যেকোনো ধরনের প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কঠোর অভিযান অব্যাহত রাখবে।” তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।