কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআইসহ নিহত ২, আহত ২
মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কের পাশে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের সময় অজ্ঞাত কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, কালীগঞ্জ থানায় কর্মরত এসআই মিজানুর রহমান (৩০) এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। আহতরা হলেন, পিএসআই জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন, ড্রাইভার ফজলে রাব্বি ও আনসার কামাল হোসেন রাত্রিকালীন টহলে বের হন। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পাশে টহল গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার সময় একটি কাভার্ড ভ্যান তাদের সজোরে ধাক্কা দিয়ে ঘোড়াশালের দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিএনপি নেতা রফিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর ও পিএসআই জাবেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চালক রাব্বিকে শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুরকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন,ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক কাভার্ড ভ্যান শনাক্ত ও চালককে গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।