দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান ও প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ অক্টোবর) আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর একটি চৌকস দল সদর উপজেলার চাতরাপাড়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের ঐতিহ্যবাহী কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধারসহ এক চোরাচালানকারীকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছিল। তবে থানা প্রাঙ্গণে মূল্যবান প্রত্নসম্পদটি সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় নিরাপত্তার স্বার্থে তা ৪২ বিজিবির হেফাজতে রাখা হয়।
পরবর্তীতে গত ৭ অক্টোবর দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি আদালত, সদর) উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ানের কাছে জমা দেওয়ার জন্য আইনি আদেশ দেন। আদালতের সেই নির্দেশনার ওপর ভিত্তি করেই গত ১৫ অক্টোবর বিজিবির পক্ষ থেকে মূর্তিটি জাদুঘর কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, প্রত্নসম্পদ মূলত একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অমূল্য নিদর্শন। জাতীয় এই সম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বিজিবি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি উদ্ধার করা প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে তা সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, মানবপাচার, অস্ত্র পাচার ও যেকোনো ধরনের চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও বিরামহীন কার্যক্রম ভবিষ্যতেও বজায় থাকবে।