পঞ্চপল্লী স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় পুলিশ সুপার শফিকুল ইসলামের প্রেরণামূলক বক্তব্য.
(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
খুলনার তেরখাদা উপজেলার পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিশেষভাবে প্রেরণা যোগান খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার জনাব ওমর ফারুক। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম। তার বক্তব্যে পুরো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ হয়।
বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, এ+ পাওয়াই জীবনের সবকিছু নয়, ভালো মানুষ হওয়াটাই আসল। আজকের এই দুইজন কৃতি শিক্ষার্থী প্রমাণ করেছে গ্রামের স্কুল থেকেও ভালো করা সম্ভব। তোমাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পুলিশ সবসময় তোমাদের পাশে আছে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে দূরে থাকতে হবে। কোনো সমস্যা হলে নির্ভয়ে পুলিশকে জানাবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “তোমরাই আগামীর পুলিশ সুপার, ইউএনও, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। তোমাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।”
এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তার আন্তরিক ও বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থী ও অভিভাবকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওসার আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান।