*মনোহরগঞ্জের ঝলম উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নান সুমনের গণসংযোগ*
*মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা:*
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ আবদুল মান্নান সুমন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি গতকাল বিকালে ঝলম উত্তর ইউনিয়নের প্রত্যাপপুর, রাজাপুর বাজার ও লালচাঁদপুর বাজারে গণসংযোগ করেন। এ সময় ঝলম উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলভী সুলতান আহমদ তার গণসংযোগে অংশগ্রহণ করেন।
তিনি ইউনিয়ন পরিষদের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে যাচ্ছেন এবং জনগণের নিকট ভোট ও দোয়া কামনা করছেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নান সুমন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমি জনগণের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে চাই। আমি এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে সর্বপ্রথম মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবো। পাশাপাশি গরীব-দুঃখী, অসহায়, হতদরিদ্র, কৃষক ও শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, “আমাদের এ আসনের প্রিয় অভিভাবক লাকসাম-মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী উন্নয়নমূলক কাজ করবো।”
গণসংযোগে ঝলম উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।