তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম-
নিজস্ব প্রতিবেদক
*ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬:*
সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেফতারের ক্ষেত্রে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবনা নিয়ে বৈঠক হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সংশোধিত আইনে এমন সুস্পষ্ট বিধান রাখতে হবে যেন *তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না*।
এ বিষয়ে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন- গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই যেন সংশোধিত আইনটি করা না হয়। গণমাধ্যমকে মুক্ত রেখে যেন আইনটি প্রণয়ন করা হয়, সেদিকে অংশীজনদের দৃষ্টি আকর্ষণ করছি।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন- গণমাধ্যমকে ছাড়া একটি দেশের গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার কোনোটাই নিশ্চিত করা যাবে না। তাই আইনটি করার সময় সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতা কর্মী এসকল বিষয়ে একমত পোষণ করেছেন বলে যা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন আরও বলেন- প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনোভাবেই যেন নিপীড়নমূলক আইনে পরিণত না হয়। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি চূড়ান্ত করতে হবে।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন- এখনও অধিকাংশ অংশীজনকে এই আইন প্রণয়নের প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই সকল সাংবাদিক সংগঠনের মতামত নিয়েই এই আইন চূড়ান্ত করা হোক।
উল্লেখ্য, আজ সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক পরামর্শ সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের খসড়া বিলটি যাতে নিপীড়নমূলক হাতিয়ারে পরিণত না হয়, সে জন্য ওয়েবসাইটে প্রকাশ করে সমাজের সব স্তরের মতামত নেওয়া হচ্ছে।