কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৫ সেপ্টেম্বর, ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাব-১৩-এর একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ‘ইস্কাপ’।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, রংপুরের একটি চৌকস আভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকার বাসিন্দা মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে মাদক কেনাবেচার প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল ইস্কাপ, নগদ ১৬ হাজার টাকা, একটি বাটন মোবাইল ও দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ধর্মপুর এলাকার খলিলুর রহমানের ছেলে জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে মোজাম্মেল হক (৪৩) এবং মোসলেম উদ্দিনের ছেলে হযরত আলী (২৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করেছে র্যাব। শনিবার সকালে আসামিদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে