কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৫ সেপ্টেম্বর, ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসেন আলী (৫৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বালু তোলায় ব্যবহৃত ড্রেজিং মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার। দণ্ডপ্রাপ্ত হাসেন আলী ওই এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পশ্চিম ফুলমতি গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে নদী ও কৃষিজমি থেকে বালু উত্তোলন করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় এমন খবর পেয়ে ইউএনও দিলারা আক্তারের নেতৃত্বে সেখানে একটি আভিযানিক দল হানা দেয়।
অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে হাসেন আলীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে অবৈধ কাজে ব্যবহৃত পুরো ড্রেজিং সেটআপটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, “অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের ফলে যেমন পরিবেশের ক্ষতি হয়, তেমনি আশপাশের ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের মুখে পড়ে। জনস্বার্থে এবং পরিবেশ সংরক্ষণে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”