সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: সনাতন ধর্মীয় অনুষ্ঠানস্থলে পাওয়া মুসলিম শিশু পরিবারের কোলে ফেরত
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
২ আগস্ট, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিন্দু ধর্মীয় ‘নাম সংকীর্তন’ অনুষ্ঠান এলাকা থেকে উদ্ধার হওয়া আড়াই বছর বয়সী সেই শিশুটিকে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। শিশুটি একটি মুসলিম পরিবারের সন্তান।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির নাম মোছা. সানজিদা আক্তার মিথিলা (২.৫)। সে গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া (পারগয়ড়া) গ্রামের মতিন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের আরজী খুলশী (পোস্ট অফিসের পেছনে) এলাকায় তিন দিনব্যাপী সনাতন ধর্মের নাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। গত শুক্রবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। অনুষ্ঠান শেষ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছোট্ট মিথিলাকে একাই ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা। শিশুটির কপালে বিশেষ চিহ্ন দেখে প্রথম দিকে তাকে হিন্দু পরিবারের শিশু বলে মনে করেছিলেন আয়োজকরা। পরে তারা শিশুটিকে উদ্ধার করে স্বজনদের খোঁজ করতে থাকেন।
অনেক খোঁজাখুঁজির পরও কোনো পরিচয় না পেয়ে বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে শিশুটিকে নাম সংকীর্তন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য লিখন সরকারের হেফাজতে রাখে। একই সঙ্গে পুলিশ, স্থানীয় সাংবাদিক ও আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির পরিবারের সন্ধান চালাতে থাকেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদ্বন্ত) স্বপন কুমার সরকার জানান, সোশ্যাল মিডিয়ায় খবরটি দেখে শিশুটির স্বজনেরা গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগ করেন। শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে অসাবধানতাবশত পথ হারিয়ে অনুষ্ঠানস্থলে চলে গিয়েছিল। সব প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।