চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সার্বিক জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয় নিয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে শাকপুরা সিও অফিস থেকে পূর্ব কালুরঘাট পর্যন্ত গণপরিবহনের দীর্ঘদিনের ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি এবং জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি এসব সমস্যা নিরসনে প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, “জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেসব সমস্যা তুলে ধরেছেন, বিশেষ করে গণপরিবহনের ভাড়া নৈরাজ্যের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করব। সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সচেতন নাগরিক ও তরুণ সমাজের সহযোগিতা সবসময় কাম্য।”
এ বিষয়ে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, “বোয়ালখালীর সাধারণ মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ যাতায়াত ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আজকের সাক্ষাতে ইউএনও মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের বক্তব্য শুনেছেন এবং ভাড়া নৈরাজ্যসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
আমরা বিশ্বাস করি, প্রশাসনের আন্তরিকতা ও জনগণের সহযোগিতায় বোয়ালখালীর দীর্ঘদিনের জনভোগান্তির সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন জনদুর্ভোগ, বিশেষ করে গণপরিবহনের ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি এবং নাগরিক সেবার নানা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।