স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) এর সংসদ সদস্য মমতাজ আলো আগামী ২৭ থেকে ২৯ জুলাই, ২০২৬ পর্যন্ত তিন দিনের সরকারি সফরে গাইবান্ধা জেলায় আসছেন। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় তার বিস্তারিত সফরসূচি প্রকাশ করেছে।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২৭ জুলাই (সোমবার) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সড়কপথে গাইবান্ধার উদ্দেশে রওনা হয়ে দুপুরে জেলায় পৌঁছাবেন। এরপর গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। একই দিন গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। দিনশেষে গাইবান্ধা সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সংসদ সদস্য মমতাজ আলো। এদিন তিনি উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নদীভাঙন ও জনকল্যাণমূলক এলাকা পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
২৯ জুলাই (বুধবার) সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এদিন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নদীভাঙন কবলিত এলাকা এবং সরকারি কার্যক্রম পরিদর্শন করবেন।
সফর শেষে বিকেলে গাইবান্ধা সার্কিট হাউস থেকে সড়কপথে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন সংসদ সদস্য মমতাজ আলো। সেখান থেকে রাতের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
তিন দিনের এ সরকারি সফরে গাইবান্ধা জেলা প্রশাসন, সাত উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
সফর সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।