অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গভীর শোক প্রকাশ-
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
আজ ৫ জুলাই রবিবার বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ, প্রগতিশীল ব্যক্তিত্ব অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেছেন।
আজ এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, “অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করলো। তিনি ছিলেন একজন নির্ভীক চিন্তক, যিনি আজীবন বাংলা ভাষা, সংস্কৃতি, সমাজ, ইতিহাস ও রাজনীতি নিয়ে যুক্তিনিষ্ঠ এবং গণমুখী চর্চা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা বিকাশে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।”
তাঁরা আরো বলেন, “ব্যক্তিজীবনে তিনি ছিলেন অনাড়ম্বর ও ন্যায়নিষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ চার দশকেরও বেশি সময় অধ্যাপনা কালে তিনি অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানচর্চায় আগ্রহী ও সমাজমনস্ক করেছেন। শিক্ষাধ্বংসের জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলসহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অসংখ্য আন্দোলনে তিনি বহুভাবে সহযোগিতা করেছেন। তাঁর চিন্তা এবং কাজের মাধ্যমে তিনি বরাবর জনগণের পক্ষে থেকেছেন। বহু গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে মুক্তবুদ্ধি, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দিয়ে যাবে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”