শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

Update : শনিবার, ২ মে, ২০২৬

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান।

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন।

ঢাকা, শুক্রবার (১ মে ২০২৬): জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। তারা বলেন, দেশের গণমাধ্যমে নতুন যুগের সূচনা করতে হলে পুরনো ধারার সাংবাদিকতা পরিহার করে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নীতিমালার ভিত্তিতে একটি আধুনিক কাঠামো গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, যুগোপযোগী আইন প্রণয়ন এবং প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। একই সঙ্গে অপরিকল্পিতভাবে গণমাধ্যম প্রতিষ্ঠা বন্ধ, তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে তথ্য কমিশন গঠন এবং নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করার ওপর জোর দেওয়া হয়।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রায় বক্তারা এসব কথা বলেন।
তারা অভিযোগ করেন, দীর্ঘ ৫৫ বছরেও সাংবাদিকদের মৌলিক অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত হয়নি। অতীতে সাংবাদিকদের তালিকা প্রণয়নের নামে নানা আইন করে কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তারা। বর্তমান সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রকাশ এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।
শোভাযাত্রায় বক্তব্য দেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহীদুর রহমান পাভেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ফরিদপুরে বালুদস্যুদের হামলায় আহত সাংবাদিক সাজ্জাদ শোভাযাত্রায় অংশ নিয়ে তার ওপর নির্যাতনের বর্ণনা দেন, যা উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সংগঠনের পক্ষ থেকে তাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যম সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, ১ থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষরোপণ, সাংবাদিক প্রশিক্ষণ, ‘মিট দ্য প্রেস’, প্রীতি ফুটবল ম্যাচ এবং ৭ মে ঢাকায় সাংবাদিকদের দাবি সমাবেশ।


More News Of This Category