শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিতের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি

Update : শনিবার, ২ মে, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার মহান মে দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও সংহতি জানাচ্ছি। ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই দিবস বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আদায়ের এক অনন্য প্রতীক। খবর আইবিএননিউজ ।

আমরা স্মরণ করছি সেই সকল শহীদ শ্রমিকদের, যাঁদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আট ঘণ্টা কর্মদিবসসহ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক জীবনযাপনের অধিকার। দুঃখজনকভাবে আজও আমাদের দেশের অসংখ্য শ্রমিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অনিরাপদ কর্মপরিবেশে কাজ করতে বাধ্য এবং জীবনের মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছেন।

বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রমিক শ্রেণির অধিকার নিশ্চিত করা অপরিহার্য। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা , কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার সুরক্ষিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই মহান দিনে আমরা পুনরায় অঙ্গীকার করছি—শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং একটি মানবিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ গণমুক্তি পার্টি সর্বদা সংগ্রাম চালিয়ে যাবে।

মে দিবস হোক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রেরণা।
জয় হোক শ্রমজীবী মানুষের।


More News Of This Category