উলিপুরে সরকারি কাছারি পুকুর দখল ও মাদকসেবীদের আড্ডা: অভিযোগ করেও মিলছে না প্রতিকার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি কাছারি পুকুর (২) দখল এবং সেখানে মাদকসেবীদের আড্ডা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একাধিকবার অভিযোগ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগ সূত্রে ও সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার জোদ্দার পাড়া (কাছারি পাড়া) এলাকায় অবস্থিত কাছারি পুকুরটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে দখল করে রেখেছে। দৃশ্যমান রয়েছে, পুকুরের পাড়ে টিনের ঘর নির্মাণ এবং একটি পাকা সিঁড়ি তৈরি করেছে, যা সম্পূর্ণ বেআইনি।
এলাকাবাসীর দাবি, পুকুরসংলগ্ন স্থানে প্রতিদিন বিশেষ করে সন্ধ্যার পর মাদকসেবী ও বখাটেদের আড্ডা বসে। ফলে এলাকার সামাজিক পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল হুমকির মুখে পড়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “আমরা কয়েকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো ধরনের প্রশাসনিক সহযোগিতা পাইনি।”
অভিযোগ কারিরা জানান, তারা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী মনে করেন, দ্রুত তদন্ত করে পুকুরটি দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সেখানে মাদকসেবীদের আড্ডা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় সামাজিক অবক্ষয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।