পৌরসভার বালাঘাটা বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও তিনটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে প্রায় ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ৫জুন সকালে ১নম্বর ওয়ার্ডের বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কাজ গলিতে আগুন লাগে।
ঘটনাটি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, আগুনের খবর পেয়ে সকাল ৯টা ১২ মিনিটে প্রাথমিকভাবে তিনটি ইউনিট পাঠানো হয়েছিল।
তবে, বান্দরবান-রুমা সড়কের একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে একটি ইউনিটকে সেখানে পাঠানো হলে, আগুন নেভানোর জন্য দুটি ইউনিট অবশিষ্ট থাকে।
দমকলকর্মীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে আটটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আরও তিনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইকবাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে, তবে তদন্তের পর এর সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টিনের চালার ঘরে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের বাড়ি গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের একটি চারতলা ভবনের কাচও ভেঙে চুরমার হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. ইউনুস বলেন, বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের বাড়িগুলোকে গ্রাস করে ফেলে।
দগ্ধদের একজন, তপন মল্লিক বলেন, তিনি ২০ বছরের পরিশ্রমে জমানো সারাজীবনের সঞ্চয় দিয়ে নিজের বাড়িটি তৈরি করেছিলেন।
তিনি আরো বলেন, “আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে, যা তার পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।”