সরাইলের একমাত্র সরকারি মাধ্যমিকে ১৭ শিক্ষকের পদ শূন্য, ৬/৭ জনে চলছে পাঠদান
তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে শিক্ষকের শূন্যপদ রয়েছে ১৭টি। মাত্র ৬ থেকে ৭ জন শিক্ষক দিয়ে চলছে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১২টি শাখার পাঠদান। উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় এ সংকটে শিক্ষার মান নিয়ে চরম উদ্বেগে অভিভাবক ও শিক্ষার্থীরা।
১৮৭১ সালের ১৫ মার্চ রায় বাহাদুর অন্নদা প্রসাদ রায় ‘সরাইল মাইনর ইংরেজি স্কুল’ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি কুমিল্লা বোর্ডের অধীনে পরিচালিত একটি সক্রিয় সরকারি বিদ্যালয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বিদ্যালয়টিতে শিক্ষক থাকার কথা ১১ জন ও তার বেশি, কিন্তু বাস্তবে কর্মরত আছেন ৯ জনেরও কম। a278
স্থানীয়দের অভিযোগ, সবকিছু নিয়ে সবাই ব্যস্ত থাকলেও ১৫৪ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির দিকে নজর দেওয়ার কেউ নেই। এর আগেও শিক্ষক সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সমাধান হয়নি। উপজেলা প্রশাসন বলেছিল, শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।