*শিরোনাম: লাকসামে প্রেস ক্লাবের কমিটি গঠনে এমপির হস্তক্ষেপ নিয়ে বিতর্ক*
*লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:*
কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে এই কমিটি করা হয়েছে।
জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের নাম উল্লেখ করে সোমবার ৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ওই কাগজে লাকসাম প্রেস ক্লাবের প্যাড ব্যবহার করা হয়েছে।
নতুন তালিকায় দায়িত্ব পাওয়াদের মধ্যে রয়েছেন- সভাপতি পদে মুজিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী হীরা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এ জলিল।
কমিটি প্রকাশের সঙ্গে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, লাকসামে দীর্ঘ সময় ধরে একাধিক প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠন সক্রিয় থাকায় পেশাজীবীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। সেই বিভক্তি দূর করে ঐক্য ফেরানো এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, প্রেস ক্লাব একটি পেশাজীবী প্রতিষ্ঠান, এখানে রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, এ নিয়ে তিনি পরে বিস্তারিত কথা বলবেন।
অন্যদিকে কমিটি গঠনে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, হ্যাঁ, আমি একটি আংশিক কমিটি দিয়েছি। প্রেস ক্লাবের নিজস্ব প্যাডেই সেটি দেওয়া হয়েছে। প্রেস ক্লাব দলীয় সংগঠন নয়, সেখানে এমপি হিসেবে কমিটি দেওয়ার এখতিয়ার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকার স্বার্থে এই কমিটি দিয়েছি। বিষয়টি আমি আমার দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকেও জানিয়েছি।