শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে টেন্ডার ছাড়াই তাজা গাছ কর্তনের অভিযোগ।

Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ সেলিম মিয়া, লালমনিরহাট প্রতিনিধি, বাংলার সংবাদ।

লালমনিরহাট আনসার ব্যাটালিয়নে টেন্ডার ছাড়াই তাজা গাছ কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বনবিভাগের শুধুমাত্র স্টিমেট দেখিয়ে ব্যাটালিয়ন এলাকায় থাকা ৫ থেকে ৬টি দামী মেহগনি গাছ কর্তন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী এ ধরনের গাছ বিক্রি বা কর্তনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। বরং পুরো বিষয়টি গোপন রেখে সাধারণ আনসার সদস্যদের দিয়ে গাছ কাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা আরও বলেন, সরকারি সম্পদ রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই যদি আইন না মানেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিয়মের প্রতি আস্থা রাখবে। দামী মেহগনি গাছগুলো কাদের স্বার্থে এবং কীভাবে সরানো হয়েছে, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন এবং জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে জেলা আনসার ব্যাটালিয়নের সিও সাইমুমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


More News Of This Category