লালমনিরহাটে চুরির অপবাদে কিশোরকে হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল।
লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
, ২৮ আগস্ট, ২০২৬
লালমনিরহাটের কালীগঞ্জে মসজিদের মাইক চুরির অপবাদ দিয়ে সৌরভ রায় (১৫) নামের এক কিশোরকে দুই হাত রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনের দৃশ্যটির ৩১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নির্যাতনের শিকার সৌরভ রায় হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার ক্ষিতিষ রায়ের ছেলে। সে বর্তমানে কালীগঞ্জের কালভৈরব এলাকায় নানাবাড়িতে অবস্থান করছিল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে সৌরভের মা দুই ছেলেকে নিয়ে কালীগঞ্জে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৌরভ চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারে একটি মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার গতিপথ রোধ করে মসজিদের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে মাইক চুরির মিথ্যা অপবাদ দিয়ে আটকে রাখা হয়। সৌরভ এ অভিযোগ অস্বীকার ও প্রতিবাদ করলে আসামিরা তাকে রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করেন।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দুই হাত বাঁশের খুঁটিতে বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি ওই কিশোরকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং চড়-থাপ্পড় ও লাথি মারছেন। একপর্যায়ে যন্ত্রণায় ওই কিশোর মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
ভিডিওটি নজরে আসার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে পুলিশ দ্রুত বিষয়টি তদন্তে নামে। বৃহস্পতিবার রাতেই পুলিশ সৌরভের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।
এ ঘটনায় শুক্রবার সৌরভের মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর: ৪৯) দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশ ভুক্তভোগী কিশোরের খোঁজ নেয় এবং পরিবারের সঙ্গে কথা বলে মামলা দায়েরের ব্যবস্থা করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।