রেমা-কালেঙ্গা বনে গাছ চোরদের সঙ্গে বন বিভাগের গোলাগুলি, আটক 
মোঃ আজিজুল ইসলাম হৃদয়(হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনাঞ্চলে টহল চলাকালে বন বিভাগের সঙ্গে গাছ চোরদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাপ্তান মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালেঙ্গা বিটের আমিরপুর এলাকার নন্দী বাজারের পূর্ব পাশে ২০০১-২০০২ অর্থবছরের আগর বাগান এলাকায় বন বিভাগের টহল দল অভিযান চালায়। এ সময় তারা সুমন বাহিনীর ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দলকে বনাঞ্চলের আকাশমনি গাছ কাটতে দেখতে পায়।
বন বিভাগের সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে গাছ চোরেরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা তাদের ব্যবহৃত চাইনিজ রাইফেল থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে গাছ চোররা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে বন বিভাগ ২০টি কাটা আকাশমনি গাছ, ২২.৫৮ ঘনফুট গোল কাঠ এবং ৪৪টি বল্লী উদ্ধার করে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪৯৩ লম্বা ফুট। অভিযান চলাকালে কাপ্তান মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক আসামিকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর সামাজিক বনায়নের পাহারাদার আব্দুর রহিম (পিতা- আব্দুল করিম), আমিরপুর এলাকার বাসিন্দার বাড়িতে সুমন বাহিনীর সদস্যরা ডাকাতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাতেও বন বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে রেমা-কালেঙ্গা ফরেস্ট কর্তৃপক্ষ।